
ফাইল ছবি
ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা হস্তান্তরের আগে অবশ্যই সেটির নিবন্ধন বাতিল (ডি-রেজিস্ট্রেশন) করার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিটিআরসি জানায়, গত ১ জানুয়ারি থেকে এনইআইআর (NEIR) সিস্টেম পুরোপুরি কার্যকর হওয়ায় বর্তমানে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। এখন থেকে নিজের নামে নিবন্ধিত ফোনে সিম পরিবর্তন করতে হলে বা ফোনটি অন্য কারও কাছে বিক্রি বা হস্তান্তর করতে হলে, সেটি অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে ডি-রেজিস্ট্রেশন করতে হবে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার রোধ করা সম্ভব হবে।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সিম কেনার সময় ব্যবহৃত কাগজপত্র অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডি-রেজিস্ট্রেশন বিষয়ে বিস্তারিত তথ্য বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd থেকে জানা যাবে। এ ছাড়া সহায়তার জন্য বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা বা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেওয়া যাবে।