
ড. হুমায়রা সুলতানা। ছবি: সংগৃহীত
ফৌজদারি মামলায় কারাবন্দী থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলে বিমান বাংলাদেশের নতুন এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে প্রকাশিত ওই আদেশে বলা হয়, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় ড. সাফিকুর রহমানের সঙ্গে সরকারের করা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, একই তারিখে জারি করা একটি প্রজ্ঞাপনের আলোকে তার নিয়োগ বাতিল কার্যকর হয়েছে। ফলে তিনি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন না।
এদিকে, সংস্থাটির কার্যক্রম স্বাভাবিক ও সচল রাখতে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত নতুন এমডি ও সিইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ড. হুমায়রা সুলতানাকে। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ বিমান (রহিত Bangladesh Biman Order, 1972 পুনর্বহাল এবং সংশোধন) আইন, ২০২৩-এর ৩০(গ) ধারা অনুযায়ী তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিমান বাংলাদেশের এমডি ও সিইওর দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয় জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন। এ সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।