
অংশগ্রহণকারীদের বড় একটি অংশ ছিলেন সরকারি কর্মচারী
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে মঙ্গলবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এক মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস পূর্তিতে তার সমর্থকেরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।
সরকারের ডাকে আয়োজিত মিছিলটি কয়েক শ মিটারজুড়ে ছড়িয়ে পড়ে। এতে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ ছিলেন সরকারি কর্মচারী। তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের ছবি বহন করেন। যুক্তরাষ্ট্রের অভিযানে ফ্লোরেসকেও আটক করা হয়েছিল বলে জানা গেছে।
অনেক বিক্ষোভকারী ভেনেজুয়েলার পতাকা হাতে এবং ‘চাভিস্তা’ আন্দোলনের প্রতীক লাল পোশাক পরে মিছিলে অংশ নেন। মিছিলজুড়ে ‘ভেনেজুয়েলার প্রয়োজন নিকোলাস’ এবং ‘মুক্তি রাজপথেই’—এমন স্লোগান শোনা যায়।
মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগজ বর্তমানে দ্বিমুখী চাপে রয়েছেন। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে মাদুরোপন্থী নেতা ও সমর্থকদের আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবিলা করছেন তিনি।
এদিকে মাদুরোর ক্ষমতাচ্যুতির পর বিরোধী দল নতুন নির্বাচনের দাবিতে সরব হয়েছে। দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল গভীর নজর রাখছে।