
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে নাগরিকদের জন্য একটি বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই পরিচালিত ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে এই সেবা প্রদান করা হচ্ছে, যার লক্ষ্য নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
এই উদ্যোগের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং নাগরিকবান্ধব করার চেষ্টা করা হচ্ছে। দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল-ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ চাপলে নাগরিকরা নির্বাচন সংক্রান্ত নানা তথ্য ও সহায়তা পেতে পারবেন।
এই সেবার আওতায় ভোটাররা ভোট দেওয়ার নিয়ম, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি এবং প্রবাসী ভোটারদের ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য নির্ধারিত বিশেষ সুবিধা সম্পর্কেও তথ্য দেওয়া হবে।
এ ছাড়া নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম, পোস্টাল ভোটিং অ্যাপ ব্যবহারের নিয়ম, জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কেও বিস্তারিত সহায়তা পাওয়া যাবে।
গত ১৬ জানুয়ারি পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই হেল্পলাইনের মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেবা শুধু তথ্য প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার একটি সহায়ক ব্যবস্থাও হিসেবে কাজ করবে।
তবে হেল্পলাইন ৩৩৩ সরাসরি কোনো পুলিশ কন্ট্রোল রুম নয়। এটি মূলত একটি ‘তথ্য গ্রহণ, আগাম সতর্কতা ও তথ্য প্রেরণ ব্যবস্থা’ হিসেবে কাজ করবে। প্রয়োজন হলে প্রাপ্ত তথ্য দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।