
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সারাদেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের পাশাপাশি তারা নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি এলাকায় নিয়োজিত স্ট্রাইকিং ফোর্স—বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। এ বিষয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে তারা ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন এবং দায়িত্ব শুরুর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবেন।
মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত তারা নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন ও কাজের এলাকা নির্ধারণ করবেন।
এ ছাড়া প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।