
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানান, এবারের নির্বাচনী ইশতেহার প্রস্তুতির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বিএনপি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণ এবং পূর্বঘোষিত ৩১ দফা ও ২৭ দফার অভিজ্ঞতার আলোকে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী ইশতেহারে রাষ্ট্র সংস্কার, জনকল্যাণমূলক নীতি ও গুরুত্বপূর্ণ সামাজিক দিকগুলোতে বিএনপির পরিকল্পনা তুলে ধরা হবে বলে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আগ্রহ দেখা গেছে।