
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের চাহিদার চেয়েও বেশি উন্নয়ন করবে বিএনপি। আগামী শুক্রবার দলের চূড়ান্ত নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে এসব উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় দেশ ও দেশের মানুষের উন্নয়ন নিয়ে ভাবছেন। তাঁর ভাষায়, আওয়ামী লীগ দেশকে নিঃস্ব করে দিয়েছে এবং এই ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তোলার সক্ষমতা একমাত্র তারেক রহমানেরই আছে।
অভিজ্ঞ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাসার কাজের লোক বাছাইয়ের ক্ষেত্রেও মানুষ অভিজ্ঞতা দেখে। সেখানে দেশের মতো বড় দায়িত্বে কেন অভিজ্ঞ নেতৃত্ব বেছে নেওয়া হবে না—এই প্রশ্ন তুলে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বস্তিবাসী উচ্ছেদ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, প্রতিপক্ষরা কড়াইল বস্তির বাসিন্দাদের ভয় দেখাচ্ছে যে সেখানে ভবন নির্মাণ করে তাদের উচ্ছেদ করা হবে। তিনি বলেন, কেউ আজীবন বস্তিতে থাকতে চায় না। বিএনপি বস্তিবাসীর স্থায়ী সমাধানের লক্ষ্যে আগেই পাঁচ হাজার ফ্ল্যাটের বরাদ্দপত্র দেওয়ার উদ্যোগ নেবে।
নারীদের নিরাপত্তা ও আবাসনের বিষয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য নিরাপদ আবাসন এবং রাজপথে যাতায়াতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ ছাড়া পরিবহন শ্রমিকদের জন্য বিমা ব্যবস্থার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রয়োজনে সরকারিভাবে ভর্তুকি দিয়ে হলেও পরিবহন শ্রমিকদের জন্য বিমা চালু করবে বিএনপি।
প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কথা বললে তারা চুরির আশঙ্কা দেখিয়ে সমালোচনা করেছিল। অথচ এখন তারাই স্মার্ট কার্ড দেওয়ার কথা বলছে। এমনকি বিএনপির লাল-সবুজ বাসের উদ্যোগ অনুসরণ করে তারা এখন সবুজ রঙের গাড়ি চালু করছে বলেও মন্তব্য করেন তিনি। তবে ভালো কাজ অনুকরণ করলে বিএনপির কোনো আপত্তি নেই বলে জানান তিনি।
শিল্প খাত রক্ষার ওপর জোর দিয়ে নজরুল ইসলাম খান বলেন, শিল্প বাঁচলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং বিশ্ব প্রতিযোগিতায় টিকে থেকে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।