
নিহত আতিকুর রহমান সুজন
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আতিকুর রহমান সুজন (২৯) নামে এক প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরহাজারী এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বাড়ির রান্নাঘর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবন পরিবর্তনের আশায় সুজন কয়েক বছর প্রবাসে কাটিয়েছিলেন। তবে প্রবাস জীবনে প্রত্যাশিত সাফল্য না পেয়ে হতাশ হয়ে দেশে ফিরে আসেন তিনি। দেশে ফেরার পর নতুন করে বাঁচার তাগিদে আনোয়ারার কেইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দেড় মাস আগে সেই চাকরিটিও হারান তিনি। এরপর থেকেই সুজন প্রচণ্ড মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে জানিয়েছেন তার স্বজনরা।
মাত্র দেড় বছর আগে বিয়ে করা সুজনের ঘরে রয়েছে চার মাস বয়সী এক অবুঝ পুত্রসন্তান। ছোট শিশুকে রেখে সুজনের এমন বিদায়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, চাকরি হারিয়ে পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাই তাকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়ে থাকতে পারে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির রান্নাঘর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।