
সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ সংঘর্ষ শুরু হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে তেমুখি পয়েন্টে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।