
ফাইল ছবি
অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি ট্যাংক ও বিমান হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। বুধবার (৪ জানুয়ারি) গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আহতদের উদ্ধার করতে যাওয়া এক চিকিৎসকও হামলার সময় প্রাণ হারিয়েছেন। প্রথম হামলার কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় দফা হামলা চালানো হয়, এতে তিনি নিহত হন। এছাড়াও উত্তর গাজার গাজা সিটিতে পৃথক হামলায় পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত পরিবারের সদস্য আবু মোহাম্মদ হাবুশ জানান, তাদের পরিবার বাড়ির ভেতরে ঘুমাচ্ছিলো, তখন ট্যাংক থেকে ছোড়া গোলা সরাসরি ঘরে আঘাত হানে। এতে তার সন্তানসহ পরিবারের একাধিক সদস্য নিহত হয়। তিনি বলেন, তারা কোনো সংঘাতের সঙ্গে যুক্ত নয় এবং শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাস সীমান্তের কাছে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, যার জবাবে তাদের পাল্টা হামলা চালানো হয়েছে। ঘটনার সময় একজন ইসরাইলি সেনা গুরুতর আহত হন।
হামাস এক বিবৃতিতে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে, এসব হামলা যুদ্ধবিরতি স্থিতিশীল করতে বাধা দিচ্ছে, সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যে, চলতি জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৫৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় চারজন ইসরাইলি সেনা নিহত হয়েছে।