
দীর্ঘ চার বছরের অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান। গ্ল্যামার জগত ছেড়ে এখন থেকে তিনি ধর্মীয় জীবন (দ্বীন) এবং পড়াশোনায় মনোনিবেশ করতে চান।
ফেসবুক পোস্টে নওবা তাহিয়া লেখেন, মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল, যার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে এবং আপনজনদের সান্নিধ্যে শান্তি খুঁজে পাচ্ছি।”
তিনি আরও জানান যে, ব্যক্তিগত উন্নতি এবং পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার জন্যই জীবনের এই নতুন অধ্যায় শুরু করার এটাই সঠিক সময় বলে তিনি মনে করছেন।
ভক্তদের উদ্দেশে নওবা স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে নাটক, টিভিসি বা ওটিটি -কোথাও তাকে আর নতুন কোনো কাজে দেখা যাবে না। তবে আগে করা কিছু কাজ ভবিষ্যতে প্রকাশ পেতে পারে, যেগুলোর প্রচারণার সঙ্গে তিনি আর যুক্ত থাকবেন না। দীর্ঘ সময় তাকে সমর্থন দেওয়ার জন্য ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নওবা তাহিয়ার শোবিজ যাত্রা শুরু হয়েছিল অনেক ছোটবেলায়। বিটিভির জনপ্রিয় শিশুদের অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’-তে উপস্থাপনা ও আবৃত্তি করতেন তিনি। বড় হয়ে ঘটনাক্রমে আবারও সেই একই অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে ছোটপর্দায় ফেরেন তিনি।
তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’। কাজী নূরুল হুদা জাহাঙ্গীরের রচনা ও সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় এই নাটকে ‘বর্ষা’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হন। এরপর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে তার সাবলীল অভিনয়শৈলী দর্শকদের মুগ্ধ করে আসছিল।