
পাকিস্থান ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
তিনি বলেন, এটি একটি ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত এবং বাংলাদেশের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে শেহবাজ শরিফ বলেন, খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়। তাই ভারত-পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মনে করেন, বাংলাদেশের সঙ্গে যা হয়েছে, তার প্রতিবাদ জানানো একেবারেই সঠিক পদক্ষেপ।
এর আগে পাকিস্তান সরকার জানিয়েছিল, তারা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে খেলবে না। তখন সিদ্ধান্তের কারণ জানানো না হলেও পরে স্পষ্ট হয়, এটি বাংলাদেশের ইস্যুর সঙ্গে যুক্ত।
বাংলাদেশ সরকার নিরাপত্তার কারণে দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করতে। কিন্তু আইসিসি বোর্ড ভোটের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
এই সিদ্ধান্তের বিপক্ষে শুধু পাকিস্তান ও বাংলাদেশ ভোট দেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি আইসিসির এই সিদ্ধান্তকে ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এক দেশের জন্য এক নিয়ম আর অন্য দেশের জন্য অন্য নিয়ম গ্রহণযোগ্য নয়।
আইসিসি এ বিষয়ে জানিয়েছে, পাকিস্তানের এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব থাকতে পারে এবং তারা এমন একটি সমাধান চায়, যাতে সব পক্ষের স্বার্থ রক্ষা হয়।