
ফাইল ছবি
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এর মধ্যে শুধু বুধবার (৪ ফেব্রুয়ারি) একদিনেই দেশে এসেছে ২ হাজার ১৯৬ কোটি টাকা সমপরিমাণ রেমিট্যান্স।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছর একই সময়ে রেমিট্যান্স ১৯ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা বাড়া এবং বিভিন্ন প্রণোদনার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।