
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—এ বিষয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের বিধান অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী সিইসিই শপথ পাঠ করাবেন।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী সাধারণত আগের সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান। তবে চব্বিশের গণ–অভ্যুত্থানের পর গত ২ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকলেও পদত্যাগ করেননি।
সংবিধানের ৭৪(৬) অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আগের স্পিকার বা ডেপুটি স্পিকার বহাল আছেন বলে গণ্য হলেও বাস্তব পরিস্থিতিতে তাঁদের মাধ্যমে শপথ অনুষ্ঠান সম্ভব না হওয়ায় বিকল্প বিধান কার্যকর হচ্ছে।
ইসি জানায়, সংবিধানের ১৪৮(২ক) অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার বা তাঁর মনোনীত ব্যক্তি শপথ পড়াতে ব্যর্থ হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারবেন। এ ছাড়া সংবিধানের তফসিল–৩ অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে সিইসি নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানোর ক্ষমতা রাখেন।