
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ গুরুতর আহত ৪৭৪ জন যোদ্ধাকে পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি গেজেটে প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০, ২০২৫) এর ১১ (৪) ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে প্রকাশ করা হলো। এই শ্রেণি ‘খ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া গুরুতর আহত যোদ্ধাদের স্বীকৃতি এবং কল্যাণের পাশাপাশি পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করা হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের সরকারি সুবিধা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সহায়তা প্রদান প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। এই গেজেট প্রকাশ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য সরকারী স্বীকৃতি ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।