
ছবি: সংগৃহীত
শাহবাগে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির পর নতুন কর্মসূচি ঘোষণার বার্তা দিয়ে এলাকা ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ মোড় ছেড়ে চলে যান।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নির্দেশনা অনুযায়ী উপস্থিত কর্মীদের শান্তভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান সংগঠনের একজন নেতা। তিনি সমবেতদের উদ্দেশে বলেন, শাহবাগের বর্তমান পরিস্থিতি ও হামলার বিষয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল বিস্তারিত জানানো হবে এবং নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সংগঠনের পরবর্তী সকল পদক্ষেপ নেওয়া হবে। নেতাকর্মীদের শাহবাগ ত্যাগের সময় সেখানে উপস্থিত ছিলেন ডাকসুর দুই নেতা এবি জুবাইর ও মুসাদ্দেক আলী।
এর আগে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। সেখানে অভিযোগ করা হয়, “আওয়ামী লীগ সক্রিয় হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে গিয়ে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার কার্যক্রম ব্যাহত করা এবং আসন্ন নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে।” এই পোস্টের মাধ্যমে সংগঠনের কর্মীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছিল।
মূলত পুলিশের সাথে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং নতুন করে বড় কোনো সহিংসতা এড়াতে তারা রাজপথ ছাড়ার এই সিদ্ধান্ত নেন। আগামীকালের নতুন কর্মসূচির দিকেই এখন সবার নজর।