
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দলের ভূমিকা থাকবে না।
তারেক রহমান জানান, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে বলে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলেন, জামায়াত যদি বিরোধী দলে থাকে, তাহলে তাদের কাছ থেকে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা প্রত্যাশা করেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। দলটির সঙ্গে অতীতে জোট সরকারের অভিজ্ঞতা থাকলেও এবার ঐক্য সরকারে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেন তারেক রহমান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটি ৩০০ আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে এবং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারা আশাবাদী।
সূত্র: রয়টার্স