এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় মৌসুমে অভিনয়ের মাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী ও ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। গত বছর এই সিরিজের মাধ্যমেই তাঁর অভিনয়ে অভিষেক ঘটেছিল। তবে এবার লিসা ভক্তদের জন্য বড় খবর হলো, তিনি নেটফ্লিক্সের একটি রোমান্টিক কমেডি সিনেমায় নাম লেখিয়েছেন।
সিনেমাটিতে লিসা কেবল অভিনয়ই করবেন না বরং নির্বাহী প্রযোজক হিসেবেও পর্দার পেছনের দায়িত্ব সামলাবেন। মিডল চাইল্ড প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন ডেভিড বার্নাড, যিনি ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের সঙ্গেও যুক্ত ছিলেন।
নতুন এই সিনেমার নাম ও কাহিনী এখনো গোপন রাখা হলেও জানা গেছে যে, এটি জুলিয়া রবার্টস ও হিউ গ্রান্ট অভিনীত কালজয়ী সিনেমা ‘নটিং হিল’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে। ‘দ্য হোয়াইট লোটাস’-এর শুটিং চলাকালীন ডেভিড বার্নাড ও লিসা মিলে এই সিনেমার গল্প নিয়ে প্রাথমিক পরিকল্পনা করেন এবং এর চিত্রনাট্য লিখেছেন ‘সেট ইট আপ’ খ্যাত লেখক কেটি সিলভারম্যান। এর পাশাপাশি লিসা নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সের একটি সিনেমাতেও কাজ করেছেন।
থাইল্যান্ডের মেয়ে লিসা মাত্র ১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান এবং ২০১৬ সালে ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন। বর্তমানে ২৯ বছর বয়সী এই তারকা দক্ষিণ কোরিয়ায় স্থায়ী হয়েছেন এবং এক দশকের ক্যারিয়ারে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। ব্যান্ডের পাশাপাশি তাঁর একক ক্যারিয়ারও সমানভাবে উজ্জ্বল।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত তাঁর প্রথম একক পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘অলটার ইগো’ বিলবোর্ড ২০০ তালিকায় সপ্তম স্থানে উঠে আসে এবং বিলবোর্ড টপ অ্যালবাম সেলস চার্টের শীর্ষে জায়গা করে নেয়।