
ঠাকুরগাঁওয়ে সমাবেশ শেষ করে নীলফামারীর জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে নীলফামারী হাই স্কুলের বড় মাঠে আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হলে হাজারো নেতাকর্মী ও সমর্থক করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।
দীর্ঘ সময় পর নীলফামারীতে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান। এর আগে সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে নীলফামারীতে এসেছিলেন তিনি।
নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান হেলিকপ্টারে করে দিনাজপুরের বিরামপুরে যাবেন। সেখানে বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত আরেকটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
দিনাজপুরে কর্মসূচি শেষে তিনি তার প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করবেন। এ সময় তিনি তার নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।
সবশেষে হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।