দুই দশক আগে কলেজপড়ুয়া ছাত্র সেজে মেজর রাম প্রসাদ শর্মার সেই গোপন মিশন আজও বলিউড প্রেমীদের হৃদয়ে অমলিন। শাহরুখ খান আর ফারাহ খান জুটি মানেই বক্স অফিসে ব্লকবাস্টার সব ছবির পসরা।
ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’ কিংবা ‘হ্যাপি নিউ ইয়ার’ – এই জুটির প্রতিটি কাজই দর্শককে ভাসিয়েছে বিনোদনের জোয়ারে। প্রায় এক যুগ পর সেই সফল রসায়নই আবারও ফিরছে বড় পর্দায়। বলিউডে জোর গুঞ্জন, ২০০৪ সালের সেই সুপারহিট ‘ম্যায় হু না’ ছবির সিক্যুয়াল নিয়েই ফের এক হচ্ছেন শাহরুখ-ফারাহ।
নতুন এই কিস্তিতে কিং খান ভক্তদের জন্য থাকছে এক বিশাল চমক। শোনা যাচ্ছে, ‘ম্যায় হু না ২’-এ শাহরুখকে দেখা যেতে পারে দ্বৈত চরিত্রে। দুটি একেবারে ভিন্নধর্মী ও শক্তিশালী চরিত্রেম প্রসাদ শর্মা নিজেকে মেলে ধরার এই অভিনব পরিকল্পনাটি নাকি খোদ বাদশাহরই দেওয়া। আর এই ডাবল-রোলের চ্যালেঞ্জিং ভাবনাটিই শাহরুখকে প্রজেক্টটি নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে।

আকাশ কৌশিকের কলমে তৈরি হওয়া এই চিত্রনাট্যে দেশাত্মবোধের আবহের সাথে মিশে থাকবে টানটান অ্যাকশন আর হালকা মেজাজের কমেডি। ভারতের বিরুদ্ধে আসা নতুন কোনো এক হুমকি নস্যাৎ করার গল্পই আধুনিক প্রেক্ষাপটে ফুটে উঠবে এই ছবিতে।
তবে ভক্তদের চূড়ান্ত খবরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। বর্তমানে শাহরুখ খান ব্যস্ত আছেন তাঁর পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে। চলতি বছরের মে মাসে সেই ছবির কাজ শেষ হওয়ার পরেই ফারাহ খানের এই নতুন প্রজেক্টের পুরো চিত্রনাট্য শুনবেন তিনি।
শাহরুখের ব্যস্ত সূচির সবুজ সংকেত মিললেই শুরু হবে মেজর রাম প্রসাদের নতুন অধ্যায়ের যাত্রা। সুস্মিতা সেন, সুনীল শেঠি কিংবা জায়েদ খানদের সেই চেনা স্মৃতি ফিরিয়ে এনে নতুন গল্পের এই সিক্যুয়াল যে বলিউডে রাজকীয় এক ঝড় তুলবে, তা এখন থেকেই আঁচ করা যাচ্ছে।