
জনগণের ভালোবাসা, সমর্থন ও শক্তিকে ভিত্তি করে বাংলাদেশ পুনর্গঠনের অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণের সহযোগিতা ছাড়া একটি স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি নিরাপদ চলাচল, কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর দ্রুত চালু করা হবে। পাশাপাশি ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চিনিকল, রেশন কারখানা ও চা শিল্প স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ ছাড়া একটি ক্যাডেট কলেজ, হিমাগার ও আইটি পার্ক স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
তারেক রহমান বলেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, এটি দেশ পুনর্গঠনের নির্বাচন। তিনি অভিযোগ করেন, গত এক যুগে মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।