
নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী একযোগে কাজ করছে এবং লক্ষ্য একটাই—জাতিকে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।
শনিবার বিকেলে রংপুর নগরীর সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে গঠিত সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো চাপ, প্রভাব বা হস্তক্ষেপ নেই এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না এবং দায়িত্বে অবহেলা বা আচরণবিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সভায় ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদারের কথা জানানো হয়। পাশাপাশি নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।