
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সীকান্দিতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে মুন্সীকান্দি গ্রামের নজরুল সরকারের পুত্র লিজান সরকার (২০), জালাল সরকারের পুত্র মনির হোসেন সরকার (৬০) এবং দিদার দেওয়ানের পুত্র ফাহিম দেওয়ান (২১) কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত হয়েছেন ফয়সাল, নীরব ও ইকরাম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সংঘর্ষের সময় বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সীকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা ও ধানের শীষ প্রার্থীর সমর্থক উজির আলী ও আওলাদ মোল্লার অনুসারীরা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি গুলি ও ককটেল হামলায় জড়িয়ে পড়ে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান জানান, “এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টহল দিচ্ছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। দুস্কৃতিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি মো. মমিনুল ইসলাম বলেন, “সংঘর্ষের মূল কারণ ছিল আধিপত্য বিস্তার। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পূর্ব বিরোধ পুনরায় প্রকাশ পেয়েছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এখন অঞ্চলটি স্বাভাবিক রয়েছে।”