
ছবি: সংগৃহীত
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশনটা দারুণভাবে শুরু করলো ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়েছে স্বাগতিকরা।
১৬২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে যুক্তরাষ্ট্র। মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর মিলিন্দ কুমার, সঞ্জয় কৃষ্ণমূর্তি ও শুভাম রানজানে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিলো না।
মিলিন্দ কুমার ৩৪ বলে ৩৪, সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩১ বলে ৩৭ এবং শুভাম রানজানে শেষদিকে ২২ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে এসব ইনিংস কেবল ব্যবধানই কমাতে পেরেছে। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ নেন ৩ উইকেট, অক্ষর প্যাটেল ও অর্শদিপ সিং শিকার করেন ২টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বড় বিপদে পড়েছিল ভারতও। ৭৭ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। শুরুতেই গোল্ডেন ডাকে ফেরেন অভিষেক শর্মা। এরপর ইশান কিশান (২০), তিলক ভার্মা (২৫) ও শিভাম দুবে দ্রুত ফিরলে চাপে পড়ে ভারত। মাত্র ৫ বলের ব্যবধানে ৩ উইকেট হারায় তারা।
এই সংকট থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। একপ্রান্ত আগলে রেখে ঝোড়ো ব্যাটিং করেন তিনি। ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন সূর্যকুমার, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। অক্ষর প্যাটেল ১১ বলে ১৪ রান যোগ করলে ৯ উইকেটে ১৬১ রানের লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায় ভারত।
যুক্তরাষ্ট্রের হয়ে শ্যাডলি ভ্যান শালকউইক ২৫ রান দিয়ে নেন চার উইকেট। এছাড়া হরমিত সিং নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান আলী খান ও মোহাম্মদ মহসিন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৬১/৯ [সূর্যকুমার ৮৪*, তিলক ২৫, কিষান ২০, অক্ষর ১৪; শালকভিক ৪/২৫, হারমিত ২/২৬, আলী ১/১৩, মহসিন ১/১৬]
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৩২/৮ [রঞ্জনে ৩৭, সঞ্জয় ৩৭, মিলিন্দ ৩৪; সিরাজ ৩/২৯, অর্শদীপ ২/১৮, অক্ষর ২/২৪, বরুণ ১/২৪]
ফল: ভারত ২৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সূর্যকুমার যাদব।