
মৃত্যুর সাত বছর পর আসছে সুবীর নন্দীর নতুন গান
কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর অগণিত শ্রোতার জন্য আবেগঘন এক সুখবর। তার মৃত্যুর সাত বছর পর প্রকাশ পেতে যাচ্ছে শিল্পীর গাওয়া একটি অপ্রকাশিত গান। নতুন এই গানটির শিরোনাম ‘আমার আয়ু নিয়ে বাঁচো’।
গানটির কথা লিখেছেন গীতিকবি জাহিদ আকবর। এতে সুর ও সংগীত পরিচালনা করেছেন তানভীর তারেক। স্যাড-রোমান্টিক ঘরানার এই গানটি মুক্তি পাচ্ছে ‘সাউন্ডস অব তানভীর’ ইউটিউব চ্যানেলে। পাশাপাশি অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ অর্ধশতাধিক আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মেও গানটি প্রকাশ করা হবে।
গীতিকবি জাহিদ আকবর বলেন, তানভীর তারেকের সুরে কাজ করাটা সব সময়ই স্বস্তির। এই গানটি যে সুবীর নন্দীর কণ্ঠে রেকর্ড হয়েছিল, তা তিনি আগে জানতেন না। দীর্ঘদিন পর নিজের লেখা গান কিংবদন্তি এই শিল্পীর কণ্ঠে শুনে তিনি ভীষণভাবে আবেগাপ্লুত বলে জানান। তার বিশ্বাস, শ্রোতারাও গানটির আবেশ বারবার অনুভব করবেন।
সংগীত পরিচালক তানভীর তারেক জানান, সুবীর নন্দীর সঙ্গে করা গানগুলো তার জীবনের অমূল্য স্মৃতির অংশ। প্রতিটি গানে অ্যাকুস্টিক ইন্সট্রুমেন্টের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়েছে। এই গানে সেতার বাজিয়েছেন উপমহাদেশের খ্যাতিমান শিল্পী রাহুল মুখোপাধ্যায়। তিনি বলেন, সুবীর নন্দীর কণ্ঠ মানেই মেলোডির গভীরতা, আর সুরে ডুবে থাকতে ভালোবাসা শ্রোতাদের জন্য এই গানটি বিশেষভাবে তৈরি।
গানটির রেকর্ডিং হয়েছে ঢাকার কোলাহল স্টুডিও এবং কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে। এর মিক্স ও মাস্টারিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অবস্থিত টিএফপি স্টুডিওতে।
তানভীর তারেক আরও জানান, ৬ ফেব্রুয়ারি রাত ১০টায় যমুনা টিভির একটি লাইভ অনুষ্ঠানে গানটির লিরিক ভিডিও প্রকাশ করা হয়েছে। পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে।
উল্লেখ্য, কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী ২০১৯ সালের ৭ মে ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। চার দশকেরও বেশি সংগীতজীবনে তিনি আড়াই হাজারের বেশি গান উপহার দিয়েছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং একুশে পদকে ভূষিত হন।