
ফাইল ছবি
আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব এ.বি.এম. আবু বকর ছিদ্দিক এই প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।
এই সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। আর শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।
তবে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ ও নিজস্ব আইন অনুযায়ী তাদের আলাদা অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর আওতাধীন সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত হবে। জনস্বার্থে এই সিদ্ধান্ত পবিত্র রমজান মাসের শুরু থেকেই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।