
ফাইল ছবি
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৩৩ লাখ ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ ৯ হাজার ৬৭৪ কোটি ৬০ লাখ টাকা।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় এবার বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৭০ শতাংশ বেশি।
এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর ডিসেম্বর মাসে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।
গত নভেম্বর মাসে দেশে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে প্রবাসী আয় ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো একটি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।