
মালয়েশিয়া থেকে কনটেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে একটি জাহাজ ডুবে গেছে। তবে জাহাজটিতে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নেভির একটি দল।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জাহাজটির বাংলাদেশি এজেন্ট প্রতিষ্ঠান আলভি লাইন্স বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’ নামের জাহাজটি ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে হঠাৎ করে প্রায় ৩০ ডিগ্রি কাত হয়ে ডুবে যায়। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে কনটেইনারবোঝাই পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।
তিনি বলেন, জাহাজে থাকা ১৬ জন নাবিকই বাংলাদেশি। দুর্ঘটনার পর ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করেন। পরে থাই নেভির একটি দল নাবিকদের উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নিয়ে যায়। বর্তমানে সবাই সুস্থ রয়েছেন।
জাহাজটি কী কারণে কাত হয়ে ডুবে গেছে, তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি বলে জানান বোরহান উদ্দিন। তিনি বলেন, উদ্ধার হওয়া নাবিকরা কয়েক দিনের মধ্যেই দেশে ফিরবেন।
আলভি লাইন্স বাংলাদেশের তথ্য অনুযায়ী, পানামার পতাকাবাহী জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। আগামী ১২ ফেব্রুয়ারি জাহাজটির চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল।