
ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৪,৩৮৫ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী উপজেলাভিত্তিক মেধাক্রমের ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
ফলাফলে কোনো ভুল, ত্রুটি বা মুদ্রণজনিত বিচ্যুতি ধরা পড়লে তা সংশোধন বা প্রয়োজনমতো সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এছাড়া নির্বাচিত প্রার্থী যদি কোনো তথ্য গোপন বা ভুল প্রদান করেন, তার ফলাফল বাতিল হতে পারে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২২–২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্যগত কোনো সমস্যা বা উল্লিখিত পদে অযোগ্যতা থাকলে প্রার্থী নিয়োগের জন্য বিবেচিত হবেন না।
নির্বাচিত প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে পরিচিতি যাচাই ও ডকুমেন্টস যাচাইয়ের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে হবে। সকল মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ভেরিফিকেশন ফরম, স্বাস্থ্য সনদ এবং প্রযোজ্য কোটার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। পুলিশ ভেরিফিকেশন বা পূর্ব কার্যকলাপে অসঙ্গতি ধরা পড়লে প্রার্থী নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচিত হবেন।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি কেন্দ্র থেকে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪,৩৮৫টি পদের বিপরীতে ১০,৮০,০৯৫টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৮,৩০,০৮৮ জন পরীক্ষায় অংশ নেন।
এরপর ২১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে প্রাথমিকভাবে ৬৯,২৬৫ জন উত্তীর্ণ হন। ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।