
ব্রেট লি। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার এবং কিংবদন্তি ক্রিকেটার ব্রেট লি স্থায়ীভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসতি গড়েছেন। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই খবর নিজেই জানিয়েছেন লি এবং কেন তিনি দুবাইকে নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন। খবরটি প্রকাশ করেছে সামা টিভি।
পোস্টে ব্রেট লি জানান, কাজের প্রয়োজনে দুবাই সফর থেকে তার নতুন জীবনের যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই সফরগুলো বড় সুযোগে রূপ নিলে, তিনি শেষ পর্যন্ত দুবাইকে স্থায়ীভাবে বসবাসের জন্য বেছে নেন।
লি দুবাইকে একটি সুযোগসুবিধা সমৃদ্ধ শহর হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এখানে নতুন সুযোগের পাশাপাশি অসাধারণ মানুষ, পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ এবং তুলনাহীন জীবনযাপনের সুযোগ রয়েছে। তিনি আরও জানিয়েছেন, প্রতিটি মুহূর্তই তিনি এখানে উপভোগ করছেন।
সাবেক এই তারকা পেসার জানিয়েছেন, তার সন্তানরা দুবাইয়ের স্কুলগুলোতে ভালোভাবে বেড়ে উঠছে এবং চারপাশে খেলাধুলার ব্যবস্থা থাকায় পরিবারও আনন্দে আছেন।
যদিও তিনি স্থায়ীভাবে দুবাইয়ে বসবাস শুরু করেছেন, তবুও অস্ট্রেলিয়াকে তিনি এখনও নিজের ঘর হিসেবে মনে করেন এবং সেখানে গড়ে তোলা জীবন ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ। পাশাপাশি ব্রেট লি মনে করেন, দুবাই এমন একটি জায়গা, যেখানে সবকিছুই সম্ভব এবং স্বপ্নগুলো বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।
এই পদক্ষেপের মাধ্যমে লি শুধু পরিবার ও পেশাগত সুযোগ সুবিধার দিকটি দেখছেন না, বরং একটি নতুন শহরে নতুন জীবন শুরু করার আকর্ষণও উপভোগ করছেন।