অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বড় পর্দায় শুরু হলো হলিউডের তিনটি আলোচিত সিনেমার প্রদর্শনী। জম্বি-থ্রিলার, সাই-ফাই এবং হরর—তিনটি ভিন্ন স্বাদ নিয়ে আজ ৯ ফেব্রুয়ারি থেকে দর্শকদের মাতাতে প্রস্তুত দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স।
আজকের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বহুল প্রতীক্ষিত ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, সায়েন্স ফিকশন থ্রিলার ‘মার্সি’ এবং হাড়হিম করা হরর ছবি ‘প্রাইমেট’।
নিমা ডা কস্টা পরিচালিত ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’ ছবিতে দর্শকরা দেখতে পাবেন রেজ ভাইরাস ছড়িয়ে পড়ার ২৮ বছর পরের এক বিধ্বস্ত পৃথিবী। রাফ ফিয়েনেস ও জ্যাক ও’কনেল অভিনীত এই ছবিতে ভাইরাসের চেয়েও ভয়ংকর হয়ে ওঠা ধর্মীয় কাল্ট ও ক্ষমতার লড়াই ফুটে উঠেছে।
অন্যদিকে, ক্রিস প্র্যাট ও রেবেকা ফার্গুসন অভিনীত ‘মার্সি’ সিনেমাটি আজ থেকেই দর্শকদের নিয়ে যাবে ভবিষ্যৎ পৃথিবীতে। যেখানে ডিটেকটিভকে মাত্র ৯০ মিনিটে এআই বিচার ব্যবস্থার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। প্রযুক্তির চ্যালেঞ্জ আর টানটান উত্তেজনায় ঘেরা এই ছবিটি পরিচালনা করেছেন তৈমুর বেকমাম্বেটভ।
আর যারা ভয় পেতে ভালোবাসেন, তাদের জন্য আজ থেকে প্রদর্শিত হচ্ছে জোহানেস রবার্টস পরিচালিত ‘প্রাইমেট’। একটি গৃহপালিত শিম্পাঞ্জির হিংস্র হয়ে ওঠা এবং মানুষের টিকে থাকার লড়াই নিয়ে নির্মিত এই ছবিটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে শোরগোল ফেলেছে।
বছরের শুরুতেই দর্শকদের বড় চমক দিতে আজ থেকেই স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখায় সিনেমাগুলো মুক্তি দেওয়া হয়েছে। ছুটির আমেজ বা ব্যস্ত দিনের মাঝে একটু বিনোদন পেতে দর্শকরা এখন ভিড় জমাচ্ছেন টিকিট কাউন্টারগুলোতে।