সাফল্য আর ব্যস্ততার মাঝেও নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প শোনালেন বলিউড সুপারস্টার রণবীর সিং। বর্তমানে তিনি তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া তার অভিনীত ‘ধুরন্ধর’ ছবিটি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করেছে। অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্তের মতো হেভিওয়েট তারকাদের উপস্থিতিতে ছবিটি দর্শকদের মন জয় করে নিয়েছে।
তবে সাফল্যের এই জোয়ারে গা ভাসিয়ে না দিয়ে রণবীর ইতিমিধ্যেই নিজেকে প্রস্তুত করছেন ছবিটির দ্বিতীয় কিস্তির জন্য, যা আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।এত খ্যাতি আর শুটিংয়ের ব্যস্ততার মাঝে নিজের মানসিক প্রশান্তি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।
পর্দার চঞ্চল আর অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর রণবীর ব্যক্তিগত জীবনে কিছুটা ভিন্ন। তিনি জানান, জীবনের গতি যখন খুব বেশি বেড়ে যায় এবং চারপাশের সবকিছু যখন কিছুটা পাগলাটে মনে হয়, তখন তিনি একটু স্থিরতা ও নীরবতা খোঁজেন। নিজের ভেতরে এই প্রশান্তি ফিরিয়ে আনতে রণবীর বেছে নেন ভ্রমণকে।
মানসিক চাপে থাকলে বা নিজেকে সময় দিতে হলে রণবীরের প্রিয় গন্তব্য দুবাইয়ের আবুধাবি। সেখানে আল আইন ওসিসে নির্জনে হাঁটাহাঁটি করা কিংবা সাদিয়াত বিচ ক্লাবের পুলের ধারে অলস সময় কাটানো তাকে নতুন করে কাজের শক্তি জোগায়। বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে যোগাযোগ ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করার কারণে বিভিন্ন দেশের মানুষ ও তাদের যাপিত জীবন সম্পর্কে জানার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে।
রণবীরের মতে, ভ্রমণ মানুষকে শুধু আনন্দই দেয় না[, ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে। এটি মানুষকে বুঝতে শেখায় যে এই বিশাল পৃথিবীর তুলনায় আমাদের ব্যক্তিগত জগতটা আসলে কতটা ছোট। ভ্রমণের ক্ষেত্রে রণবীর সাধারণত আগে থেকে পরিকল্পনা করতে পছন্দ করলেও, মাঝেমধ্যে মনের তাগিদে তাৎক্ষণিক সিদ্ধান্তে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তেও তার জুড়ি নেই।