
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও ১১ দলীয় জোটের ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টি নেতা শামীম আহমেদ।
শামীম আহমেদ ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির প্রার্থী। তিনি আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) এ রিট করেন। রিটে সিইসি, সচিব, রিটানিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের ২০ এপ্রিল সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় নাহিদ ইসলাম ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। একই সঙ্গে তিনি নির্বাচনী হলফনামায় এ সংক্রান্ত তথ্য গোপন করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। বিষয়টি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে।
উল্লেখ্য, গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা-১১। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।