
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের বিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হতে পারে—এমন গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ধানুশ বা ম্রুণাল কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
এই জল্পনার মধ্যেই নিজের অতীত প্রেমের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে জানিয়েছেন ‘সীতা রামাম’ খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটপর্দা থেকে বড়পর্দায় যাত্রার সময় তার ব্যক্তিগত জীবন ছিল বেশ চ্যালেঞ্জিং।
ম্রুণাল বলেন, তার তৎকালীন প্রেমিক ছিলেন অত্যন্ত রক্ষণশীল পরিবারের সন্তান। অভিনয়কে পেশা হিসেবে নেওয়া এবং তার ব্যস্ত জীবনযাপনের সঙ্গে মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়।
অভিনেত্রীর ভাষায়, ‘আমার প্রেমিক ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আমাকে বলেছিল, তোমার হঠকারিতার সঙ্গে আমি তাল দিতে পারব না।’

তবে সেই বিচ্ছেদকে এখন ‘শাপে বর’ হিসেবেই দেখছেন ম্রুণাল ঠাকুর। তিনি বলেন, ওই সময় সম্পর্কটি ভেঙে যাওয়া তার জন্য এক ধরনের আশীর্বাদ ছিল। কারণ চিন্তাধারার এই অমিল ভবিষ্যতে আরও বড় জটিলতা তৈরি করতে পারত, বিশেষ করে সন্তান লালন-পালনের ক্ষেত্রে।
এদিকে ধানুশের সঙ্গে তার বিয়ে নিয়ে গুঞ্জন আরও জোরালো হলেও বিষয়টি এখনো নেটিজেনদের আলোচনাতেই সীমাবদ্ধ। ভক্তরা অপেক্ষায় আছেন—তারকা জুটির পক্ষ থেকে কবে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।