
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ভোটগ্রহণের আর ৬০ ঘণ্টারও কম সময় বাকি—এমন প্রেক্ষাপটে সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলার কোনো সুযোগ নেই। তার ভাষায়, এখন যদি আশঙ্কার কথা বলা হয়, তাহলে তা কমিশনের ওপর আস্থার ঘাটতি হিসেবে প্রতীয়মান হবে। তাই উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না তিনি।
ইসি সচিব জানান, মঙ্গলবার থেকে প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। এর মধ্যে বড় সমাবেশ, মিছিল, সভা ও শোডাউন অন্তর্ভুক্ত। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার বন্ধ থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কমিশনের নিজস্ব মনিটরিং ব্যবস্থা রয়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, একটি বিশেষ সেল সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে তথ্য বিনিময় করা হচ্ছে। কমিশনের লক্ষ্য একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করা, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত গুরুতর কোনো সহিংস ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে তফসিল ঘোষণার পর দুটি দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ঘটনাগুলো হাদি ও শেরপুরের ঝিনাইগাতি এলাকায় ঘটেছে বলে জানান তিনি।
ইসি সচিব বলেন, নির্বাচনী প্রচারের সময় পাল্টাপাল্টি বক্তব্য স্বাভাবিক হলেও তা এখন পর্যন্ত শালীনতার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বড় ধরনের কোনো অনিয়ম বা গুরুতর আচরণবিধি লঙ্ঘনের তথ্য কমিশনের কাছে আসেনি।
তিনি আরও জানান, গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে এবং বিভিন্ন স্থানে চার থেকে ছয়টি সিল উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় বড় ধরনের আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাওয়া যায়নি।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতে মাঠপর্যায়ে ইলেক্টরাল ইনকোয়ারি ও জুডিকেশন কমিটি, রিটার্নিং অফিসার, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি। কোনো অভিযোগ এলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য না করার বিষয়ে ইসি সচিব বলেন, এতে নৈতিক দায় তৈরি হতে পারে। তাই কমিশন নিরপেক্ষ থেকে প্রতিটি অভিযোগ আইন অনুযায়ী যাচাই ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।