
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) দেশটির মধ্যবর্তী নির্বাচনে ৩১৫টি আসনে জয় লাভ করেছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি ফলাফলে বিষয়টি নিশ্চিত হয়।
এতে ক্ষমতাসীন দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।
এটি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল এলডিপি’র ইতিহাসে সবচেয়ে বড় বিজয়, আর এর মধ্য দিয়েই আগামী চার বছরে ১২ কোটি ৩০ লাখ মানুষের দেশটিতে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচি নিজেকে দাঁড় করানোর সুযোগ পেলেন।
এই নির্বাচনে এলডিপি’র জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) পেয়েছে ৩৬টি আসন। এতে ৪৬৫ সদস্যের নিম্নকক্ষে ক্ষমতাসীন জোটের মোট আসন দাঁড়িয়েছে ৩৫১টি।
এর আগের সংসদে এলডিপি’র আসন ছিল মাত্র ১৯৮টি আর জেআইপি’র আসন ছিল ৩৪টি।
নির্বাচনে অভিবাসন বিরোধী সানসেইতো পার্টিও ভালো করেছে। দলটি ১৫ আসনে জিতেছে। এর আগের নির্বাচনে তাদের আসন সংখ্যা ছিল মাত্র দুটি।
মূল বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি ও এলডিপি’র সাবেক জোটসঙ্গী কোমেইতোর নবগঠিত সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স এই নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে। তাদের আসন সংখ্যা ১৬৭ থেকে নেমে এসেছে ৪৯টিতে।