
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিবরণী অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এক বছর আগে তাঁর মোট সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। সে হিসাবে এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।
সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী ও মেয়াদি আমানতে বৃদ্ধি এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া শেয়ারসহ বিভিন্ন কারণে প্রধান উপদেষ্টার মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে।
একই সঙ্গে প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদের বিবরণীও প্রকাশ করা হয়েছে। বিবরণী অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা। আগের অর্থবছরে তাঁর সম্পদ ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। ফলে এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।
আয়কর আইন অনুযায়ী, একজন করদাতার মালিকানাধীন স্থাবর ও অস্থাবর, আর্থিক এবং মূলধনি সম্পত্তির সমষ্টিকেই পরিসম্পদ হিসেবে গণ্য করা হয়।
এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্বামী-স্ত্রীর ২০২৪ সালের ৩০ জুন ও ২০২৫ সালের ৩০ জুন তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।