
ছবি: সংগৃহীত
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এই পদ্ধতিগুলোর মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে তাদের ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
প্রথম পদ্ধতি হলো Smart Election Management BD অ্যাপ ব্যবহার। ভোটাররা Play Store বা App Store থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করবেন। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম এবং ঠিকানা দেখা যাবে।
দ্বিতীয় পদ্ধতি হলো হটলাইন নম্বর ১০৫। বাংলাদেশের যে কোনো ভোটার ১০৫ নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এই সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।
তৃতীয় পদ্ধতি হলো এসএমএসের মাধ্যমে তথ্য জানা। মোবাইলের মেসেজ অপশনে ‘PC NID’ লিখে ১০৫ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
চতুর্থ পদ্ধতি হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার। ল্যাপটপ, ডেক্সটপ বা মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রে যাওয়ার বিস্তারিত তালিকা দেখা যাবে। এছাড়া, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্যও জানা যাবে। বিশেষ সুবিধা হিসেবে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখা যাবে এবং কেন্দ্র পর্যন্ত দূরত্ব ও পথের বিস্তারিতও জানা সম্ভব।
এভাবে ঘরে বসেই ভোটাররা তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর সম্পর্কে সহজে তথ্য সংগ্রহ করতে পারবেন।