
নির্বাচন উপলক্ষে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি। শহরের চিরচেনা যানজটের চিত্র পাল্টে গিয়ে অনেকটা ফাঁকা রূপ নিয়েছে ঢাকা।
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগ, হাতিরঝিল, কাওরানবাজার, রামপুরা, ফার্মগেট, মিরপুর, বনানী, গুলশান, বাড্ডা ও উত্তরায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। প্রাইভেটকার বা মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের পরিচয় এবং গন্তব্য জানতে চাওয়া হচ্ছে।
তোফাজ্জল হোসেন নামে এক নগরবাসী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘ঢাকাকে এত ফাঁকা আগে কখনো দেখিনি। ঈদের ছুটিতেও রাস্তায় এর চেয়ে বেশি গাড়ি ও মানুষ থাকে। শহরটা মনে হচ্ছে ভূতুড়ে নগরী। যারা বিভিন্ন জেলার ভোটার, তারা উৎসাহ নিয়ে আগেই ঢাকা ছেড়েছেন।’
জাতীয় নির্বাচনের ছুটিতে রাজধানীর আগারগাঁও ও শাহবাগ মেট্রোরেল স্টেশনে যাত্রীদের চিরচেনা ভিড় নেই। দীর্ঘ লাইন বা ট্রেনে ওঠার তাড়াহুড়াও দেখা যায়নি। যাত্রী কম থাকায় স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও তেমন কর্মব্যস্ততা নেই।
এদিকে শেষ মুহূর্তেও অনেকে গ্রামের বাড়ি ফেরার চেষ্টা করছেন। বারিধারা এলাকায় সিএনজি অটোরিকশার অপেক্ষায় থাকা ২৬ বছর বয়সী রাতুল পিয়াল জানান, তিনি এবারই প্রথম ভোট দেবেন। কক্সবাজারে থাকলেও কাজের সূত্রে তিনি ঢাকায় এসেছিলেন।
রাতুল বলেন, ‘আমি প্রথমবার ভোট দিতে যাচ্ছি। আমার গ্রামের বাড়ি কুমিল্লায়। এখন পর্যন্ত বাসের টিকিট পাব কি না নিশ্চিত নই। যদি না পাই, তবে লোকাল পরিবহনে ভেঙে ভেঙে যেতে হবে, তাতে অনেক সময় লাগবে। তবুও ভোট দিতে বাড়ি যাচ্ছি।’
নির্বাচন ঘিরে কড়াকড়ি ও মানুষের বাড়ি ফেরার কারণে রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।