
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিনে রাজধানীর বাড্ডায় এ কে এম রহমতউল্লাহ্ কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে ভোট দিয়ে বেরিয়ে তিনি ভোটারদের উদ্দেশে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভোটকেন্দ্রের বাইরে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ ছিল না। এবারের নির্বাচন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ধারায় ফেরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ১১ দলীয় জোট সরকার গঠনের লক্ষ্য নিয়েই নির্বাচনী লড়াইয়ে নেমেছে। ভোটাররা যদি নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে জোট বিজয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।
তবে ফলাফল যাই আসুক না কেন, জনগণের রায়কেই চূড়ান্ত বলে মেনে নেওয়া হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রে জনগণের সিদ্ধান্তই সর্বোচ্চ।