উৎসবমুখর পরিবেশে ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বরেণ্য অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তিনি এই কেন্দ্রে ভোট দেন।
ভোটদান শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বর্ষীয়ান এই অভিনেতা জানান, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত তিনটি নির্বাচন বাদে বাংলাদেশের সবকটি জাতীয় নির্বাচনে তিনি ভোট দিয়েছেন। সেই হিসেবে এবারের ভোটসহ মোট ১০টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অনন্য অভিজ্ঞতা হলো তার।
নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আবুল হায়াত বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ বেশ ভালো এবং সুন্দর। কোথাও কোনো অসুবিধা বা বিশৃঙ্খলা তার চোখে পড়েনি।
যোগ্য প্রার্থীরাই এবারের নির্বাচনে জয়ী হয়ে আসুক এমন প্রত্যাশা জানিয়ে আবুল হায়াত আরও বলেন, একটি জেনুইন বা প্রকৃত রাজনৈতিক দল পরিচালনায় এলে অনেক কিছুই ঠিক হবে।
অন্যদিকে, একই প্রতিষ্ঠানের অন্য একটি কেন্দ্রে বেলা সাড়ে ১০টার দিকে ভোট দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন। ভোট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি জানান, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। তবে কেন্দ্রের সার্বিক চিত্র তুলে ধরতে গিয়ে তিনি উল্লেখ করেন যে, সকালের দিকে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কিছুটা কম দেখা গেছে।