
ছবি: সংগৃহীত
ফরিদপুর-১ আসনে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। দলটির মনোনীত প্রার্থী ড. ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বোয়ালমারী-আলফাডাঙ্গা ও মধুখালী এই তিন উপজেলার মোট ১৯৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, বোয়ালমারী উপজেলায় ড. ইলিয়াস মোল্লা পান ৬৮ হাজার ৪৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের খন্দোকার নাসিরুল ইসলাম পান ৫৮ হাজার ৬৩১ ভোট।
আলফাডাঙ্গা উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ২৯ হাজার ৮০৯ ভোট, যেখানে ধানের শীষ পায় ১৪ হাজার ১৫৪ ভোট। মধুখালী উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীক পায় ৫৬ হাজার ৭৭৯ ভোট এবং ধানের শীষ প্রতীক পায় ৫৩ হাজার ৫০২ ভোট।
তিন উপজেলার সম্মিলিত ফলাফলে ড. ইলিয়াস মোল্লা মোট ২৮ হাজার ৭৭৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন। এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১০ হাজার ৫৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৩৩৫ জন, নারী ভোটার ২ লাখ ৫১ হাজার ২০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ জন।
ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় সমর্থকদের আনন্দ মিছিল ও উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই এ ফলাফলকে ফরিদপুর-১ আসনের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে দেখছেন।