
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এখন সবার সামনে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপি। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও নির্বাচনে বেশ ভালো ফল করেছে। বিশেষত জামায়াত দলটির নির্বাচনী ইতিহাসের সবচেয়ে ভালো ফল করেছে এই নির্বাচনে।
জায়-পরাজয়ের এই হিসাবের মধ্যে দুইজন প্রার্থী আছেন ব্যতিক্রম। তারা হচ্ছেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহ।
কেন তারা ব্যতিক্রম? তারা দুজনেই নিজেদের আসনের সবগুলো কেন্দ্রেই জয়লাভ করেছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, নেত্রকোণা-৪ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলের হিসেব করে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬০ হাজার ৮০২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আল-হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট।
অন্যদিকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বড় জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এই সংসদীয় আসনের ১১৬ কেন্দ্রের ভোট গণনা শেষে সব কেন্দ্রেই বেশি ভোট পেয়েছেন হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা-৪ আসনে ১১৬টি কেন্দ্রে ১ লাখ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলাকলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।