
ছব : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কার্যালয়টি খুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেতা।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়। ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বলেন, উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় তালামুক্ত করেছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভিডিওতে মামলার বিষয়ে সহায়তার অনুরোধ জানান। সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন বলেন, দেশের পতাকা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চান।
আবু দাউদ প্রধান বলেন, আওয়ামী লীগ অফিসে তালা দেওয়া আছে— এ কথা জানার পরই তিনি উদ্যোগ নেন। দীর্ঘ ১৮ বছর পর বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই তার লক্ষ্য। তিনি উভয় দলের নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানান এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত না করার কথা বলেন।
মুক্তিযোদ্ধা আবুল হোসেন দাবি করেন, কার্যালয়টি আগে জামায়াতের লোকজন তালাবদ্ধ করেছিল। এখন মুক্তিযোদ্ধারা সেখানে বসবেন, তবে আপাতত আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রম চলবে না।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত জেলা বা কেন্দ্র থেকে নেওয়া হয়নি। উপজেলা সভাপতির এই পদক্ষেপের দায় তাকেই নিতে হবে এবং বিষয়টি কেন্দ্রকে জানানো হবে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইউনুস শেখও ঘটনাটিকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন।