
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসন থেকে বিজয়ী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই নির্বাচন ছিল তার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। তবে জনগণের আস্থা ও সমর্থন থাকায় বিজয়ী হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কুমিল্লা–৪ আসনে নবনির্বাচিত এই সংসদ সদস্য।
তিনি বলেন, ইনসাফ প্রতিষ্ঠাই হবে তাদের মূল লক্ষ্য। এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে শত্রুর প্রতিও যেন কোনো অবিচার না হয়। একই সঙ্গে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
ফ্যাসিবাদের চূড়ান্ত বিলুপ্তিকে রাজনৈতিক লক্ষ্য উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা বলেন, এনসিপির রাজনীতির মূল অঙ্গীকার হলো জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো।
নির্বাচনের ফল অনুযায়ী, কুমিল্লা–৪ আসনে হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে তাকে সমর্থন দেওয়া হয়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ–এর প্রার্থী মো. আ. জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।
এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৯টি এবং ‘না’ ভোট পড়েছে ৩৯ হাজার ৩৮১টি।