
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ের পর পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা। সাক্ষাৎকালে তিনি জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন আমির হামজা। এ সময় উভয় দলের নেতাকর্মীদের উপস্থিতিতে কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ হয়।
মুফতি আমির হামজা বলেন, নির্বাচনের ভেদাভেদ ভুলে কুষ্টিয়ার উন্নয়নে একসঙ্গে কাজ করতে চান তিনি। আগামী দিনে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে জাকির হোসেন সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুষ্টিয়া-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুফতি আমির হামজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন এবং ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।