
মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসা পরিচালনার দায়িত্বেও ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে উত্তেজনা বৃদ্ধি পেয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। জসিমকে বেধড়ক মারধর করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
নিহতের বড় ভাই মো. মশিউর রহমান অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছেলে নেতৃত্বে বিপুলসংখ্যক সমর্থক তাদের বাড়িতে হামলা চালান এবং তার ভাইকে মারধর করেন। হামলার পর অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, পুলিশ ঘটনার বিষয়ে অবগত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।