
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। ইতোমধ্যে জাতীয় সংসদ ভবনের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার এবং অবকাঠামোগত প্রস্তুতির কাজ শেষ করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনভর বৈঠক করে শপথের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবাকে অগ্রাধিকার দিয়ে সব পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অতিথি সেবা ও প্রযুক্তিগত প্রস্তুতি নিশ্চিত করতে সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও শাখা যৌথভাবে কাজ করছে।
এক কর্মকর্তা জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর শপথ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।
এদিকে, নতুন সংসদ সদস্যদের শপথ বাক্য কে পাঠ করাবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে। তবে সংসদ সচিবালয়ের সচিব কানিজ সাংবাদিকদের বলেন, শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে এবং ফল গেজেট আকারে প্রকাশের পরই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী সোমবার তিনি শপথ পাঠ করাতে পারেন বলেও জানানো হয়েছে।
তবে সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানায়, বর্তমানে স্পিকারের পদ শূন্য এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনও শপথ পাঠ করাতে পারেন।
সংবিধানের ১৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সাধারণত বিদায়ী স্পিকার নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করান। তবে ১৪৮(২ক) অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে যদি স্পিকার বা তাঁর মনোনীত ব্যক্তি শপথ না পড়ান, তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এ দায়িত্ব পালন করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পর দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করে আত্মগোপনে রয়েছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু একটি মামলার আসামি হিসেবে বর্তমানে কারাগারে রয়েছেন। এ পরিস্থিতিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ কে করাবেন—তা নিয়েই মূলত অনিশ্চয়তা তৈরি হয়েছে।