চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ প্লে-অফ লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু প্রস্তুতির সেই মঞ্চেই বড় ধাক্কা খেল লুইস এনরিকের শিষ্যরা। শুক্রবার রাতে রেনের মাঠে আতিথ্য নিতে গিয়ে ৩-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই পরাজয়ে লিগ আঁ’র পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারানোর তীব্র শঙ্কায় পড়েছে প্যারিসের ক্লাবটি।
ম্যাচের পরিসংখ্যান বলছে, বল দখল থেকে শুরু করে আক্রমণ, সবখানেই আধিপত্য ছিল পিএসজির। পুরো ম্যাচে তারা প্রতিপক্ষের গোলমুখে ২২টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে রেনে মাত্র ১৩টি শট নিলেও তার ৪টি লক্ষ্যে রেখে আদায় করে নেয় ৩টি মহামূল্যবান গোল। পিএসজির ফরোয়ার্ডদের সুযোগ মিসের মহড়ার পাশাপাশি এদিন রেনের গোলকিপার ব্রিস সাম্বা ছিলেন অপ্রতিরোধ্য। অবিশ্বাস্য সব দক্ষতায় একাই ৬টি নিশ্চিত গোল সেভ করে পিএসজিকে হতাশায় ডুবিয়েছেন তিনি।
দলের এমন পরাজয়ে ম্যাচ শেষে ক্ষোভ ও হতাশা ঝরেছে পিএসজি তারকা উসমান দেম্বেলের কণ্ঠে। শুরুটা বাজে হয়েছে স্বীকার করে তিনি সরাসরি সতীর্থদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। দেম্বেলে বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের পিএসজির জন্য খেলতে হবে। যদি আমরা মাঠে আলাদা আলাদাভাবে খেলি, তাহলে কাঙ্ক্ষিত শিরোপা জেতা সম্ভব নয়। গত বছর আমরা নিজেদের আগে ক্লাবকে রেখেছিলাম, আমাদের আবারও সেই মানসিকতায় ফিরতে হবে। এখন মৌসুমের দ্বিতীয় ভাগ চলছে, এখানে পিএসজিই আগে, কোনো ব্যক্তি নয়।”
বর্তমানে লিগ আঁ-তে ২২ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। তবে এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে লঁস। অন্যদিকে এই জয়ের পর ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে রেনে। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ম্যাচে মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। এরপর ২২ ফেব্রুয়ারি লিগের তলানির দল মেতজের বিপক্ষে লড়াই দিয়ে ফের ঘরোয়া লিগে ফেরার সুযোগ পাবে এনরিকের দল।