
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘আর যদি একটি লাশ পড়ে, যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা আবার রাজপথে নামব।’
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব। দেশের বিভিন্ন স্থানে হামলা, নৈরাজ্য ও মাফিয়াতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি।
এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচন-পরবর্তী উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ থাকলেও তিনি নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং আপত্তি নিয়মতান্ত্রিকভাবে জানানোর আহ্বান জানিয়েছেন।
ডাকসু ভিপি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজন শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে এবং তাঁদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, এখনো একজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, কোনো শিক্ষার্থীর ওপর হামলা হলে তা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তিনি গণরুম, গেস্টরুম সংস্কৃতি ও তথাকথিত ‘ভাইয়ের রাজনীতি’ ফিরিয়ে আনার চেষ্টার বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান।
গণভোট ও সংস্কার প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের পর জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে সরকার, বিরোধী দল ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।